টিআই ও টিআইবি’র যৌথ আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ১২ নভেম্বর ২০১৫: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর ৬টি চ্যাপ্টারের গবেষকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সমাপ্ত হয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬টি দেশের বিধিবদ্ধ দুর্নীতিবিরোধী সংস্থাসমূহের কার্যকারিতা বৃদ্ধির উপায় অন্বেষণের লক্ষ্যে একটি সমীক্ষার রূপরেখা নির্ধারণে এ কর্মশালার আয়োজন করা হয়।
টিআই এর এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট ও টিআইবি’র যৌথ আয়োজনে ১১ ও ১২ নভেম্বর ঢাকায় টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত “অ্যান্টি করাপশন এজেন্সিজ অ্যাসেসমেন্ট টুল অ্যান্ড প্রজেক্ট কিক-অফ ওয়ার্কশপ” শীষর্ক প্রশিক্ষণ কর্মশালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ছয়টি চ্যাপ্টার যথাক্রমে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা এবং তাইওয়ান এর ১০ জন গবেষক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য প্রতিনিধি দলটি ৯ নভেম্বর গাজীপুরে টিআইবি’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ূথ এনগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের আয়োজনে বিভিন্ন সামাজিক জবাবদিহিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।