‘প্রিয় স্বদেশ, প্রিয় সংস্কৃতি-আমার সত্তা, আমার স্বচ্ছতা’
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে টিআইবি
ঢাকা, ২৬ মার্চ ২০১৪: ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে ‘প্রিয় স্বদেশ, প্রিয় সংস্কৃতি-আমার সত্তা, আমার স্বচ্ছতা’ এই প্রতিপাদ্যে দিনব্যাপী এক নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ঢাকা ইয়েস নাট্যদল, কুড়িগ্রাম ও রাঙ্গামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) নাট্যদলসহ দেশের দুইটি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।
এছাড়া নাট্য উৎসবের মাঝে আন্তর্জাতিক নারী দিবস ২০১৪ উপলক্ষে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বালন করা হবে। ২৭ মার্চ বিকেল ৪টা থেকে শুরু হয়ে নাট্য প্রদর্শনীটি রাত ৮টা পর্যন্ত চলবে।
দিনব্যাপী উৎসবে ঢাকা ইয়েস নাট্যদল এর পরিবেশনায় নাটক ‘জবানবন্দী’, কুড়িগ্রাম সনাক গণনাট্যদল এর ‘আলোর পথে’, রাঙামাটি সনাক গণনাট্যদল এর ‘পরিবর্তন’, সুবচন নাট্য সংসদ এর ‘মহাজনের নাও’ এবং রয়েলবীণা পুতুল নাচ, ব্রাহ্মণবাড়িয়া এর পরিবেশনায় ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ প্রদর্শিত হবে।