সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল এর উপদেষ্টা ডা: সৈয়দ হাবিবুর রহমান এর মৃত্যুতে আমরা শোকাহত

Published: 02 June 2026

Condolence photoট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল এর উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য ডা: সৈয়দ হাবিবুর রহমান (জন্ম: ১৮ নভেম্বর ১৯৩৬) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে ২০২৬ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ডা: সৈয়দ হাবিবুর রহমান মৃত্যুকালে এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৮ ডিসেম্বর ২০০৯ থেকে ১৬ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত স্বজন সদস্য এবং ১৭ সেপ্টেম্বর ২০১৮ থেকে সনাক, বরিশাল এর উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিশিষ্ট চিকিৎসক ডা: সৈয়দ হাবিবুর রহমান ১৯৬৮ সালে রাশিয়া ও আমেরিকা থেকে দন্ত চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় বলিষ্ট ভূমিকা পালন করেছেন। তিনি চিকিৎসা সেবার পাশাপাশি তাঁর নিজ নামে জনকল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। ডা: সৈয়দ হাবিবুর রহমান বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমম্বয় পরিষদ, সুজন, ক্যাব, সাহিত্যের আড্ডা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বরিশাল এর সভাপতি এবং ডায়াবেটিক সমিতি, হার্ট ফাউন্ডেশন, রেডক্রিসেন্ট সোসাইটি, লায়ন ফাউন্ডেশন, অফিসার্স ক্লাব, মূক ও বধির সংঘ, ক্যাব, ব্লাস্ট, আভাস, আইসিডিএ, খেয়ালী গ্রুপ থিয়েটার এবং সিআরপি, বরিশাল এর আজীবন সদস্য ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলন, মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডা: সৈয়দ হাবিবুর রহমান এর মৃত্যুতে বরিশালের চিকিৎসা, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ডা: সৈয়দ হাবিবুর রহমান এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্যবৃন্দ, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice