সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট - এর সদস্য তহুরা হোসেন এর মৃত্যুতে আমরা শোকাহত

Published: 02 February 2026

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট - এর সদস্য তহুরা হোসেন (জন্ম: ০৩ ফেব্রুয়ারি ১৯৪৭) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি ২০২৬ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সনাক, বাগেরহাট - এর সাথে ১২ জুলাই ২০০৮ থেকে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এবং ১৬ এপ্রিল ২০০৯ থেকে সনাক সদস্য হিসেবে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিশিষ্ট উন্নয়ন সংগঠক তহুরা হোসেন দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, নারী অধিকার আন্দোলন ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় বলিষ্ট ভূমিকা পালন করেছেন। নারীর অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তহুরা হোসেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাবেক সভানেত্রী ও সুশাসনের জন্য নাগরিক - সুজন এর সদস্য ছিলেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তহুরা হোসেন - এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি'র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্যবৃন্দ এবং ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice