Published: 16 November 2023
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়া’র সহ-সভাপতি বিশিষ্ট প্রবীণ সাংবাদিক সমুদ্র হক (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫২) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১৪ নভেম্বর ২০২৩ সকাল ৮টায় বগুড়া শহরের গোহাইল রোডে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সনাক বগুড়া’র প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দৈনিক জনকন্ঠ-এর সিনিয়র রিপোর্টার, ফিচার স¤্রাটখ্যাত প্রবীণ সাংবাদিক সমুদ্র হক মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক বগুড়া’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সমুদ্র হকের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, ইয়াং প্রফেশনালস্ অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।