সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোর - এর সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক সুকুমার দাসের মৃত্যুতে আমরা শোকাহত

Published: 18 April 2023

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোর - এর সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক সুকুমার দাস (জন্ম: ০৮ সেপ্টেম্বর ১৯৫৭) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১৩ এপ্রিল ২০২৩ হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক সুকুমার দাস মৃত্যুকালে স্ত্রী এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ০১ ডিসেম্বর ২০০৫ থেকে সনাক, যশোর-এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অধ্যাপক সুকুমার দাস বাঘারপাড়া ডিগ্রি কলেজের অর্থনীতির শিক্ষক হিসেবে ৩৩ বছরের চাকুরী শেষে ৭ সেপ্টেম্বর ২০১৭ অবসর নেন। এর আগে তিনি দৈনিক স্ফুলিঙ্গ, ব্র্যাক, নিজেরা করি এবং ডিডিপিতে কিছুদিন কাজ করেন। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর - এর সভাপতি এবং সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ যশোর - এর প্রতিষ্ঠাতা ছিলেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অধ্যাপক সুকুমার দাসের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়েস, এসিজি, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice