সনাক, খুলনা’র সদস্য অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 01 June 2021

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা’র সদস্য অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক’র (জন্ম: ১৫ নভেম্বর ১৯৪৭ইং) মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ২৮ মে ২০২১ শুক্রবার রাত সাড়ে ১১টায় খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি, হার্ট ও ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ২০০৫ সালের ১৮ ডিসেম্বর সনাক, খুলনা’র প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত হয়ে অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, খুলনা’র পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি গীতিকার, নাট্যকার, ও কথাসাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন। তিনি খুলনা বেতারের জনপ্রিয় রম্য নাটিকা ‘আয়না’র রচয়িতা। মৃত্যুকালে অচিন্ত্য কুমার ভৌমিক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকলকর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক - এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

 

 

 


Previous Notice