সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী - এর সদস্য খন্দকার তাহিরা হাসান কাজল এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 13 January 2021

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী - এর সদস্য খন্দকার তাহিরা হাসান কাজল (জন্ম: ২২ জানুয়ারি ১৯৬৬) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জানুয়ারি ২০২১ সকাল ৬:৩০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খন্দকার তাহিরা হাসান কাজল ০৯ এপ্রিল ২০০৮ সাল হতে সনাক, রাজবাড়ী - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা বিষয়ে ¯স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯৪ সালে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। সমাজসেবক খন্দকার তাহিরা হাসান কাজল মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, রাজবাড়ী - এর সদস্য হিসেবে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখাসহ রাজবাড়ীর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে খন্দকার তাহিরা হাসান কাজল এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক - এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 

Previous Notice