সনাক, পিরোজপুর’র সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 02 May 2019

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর-এর সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান (জন্ম: ১৫ অক্টোবর ১৯৪৫) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ৩০ এপ্রিল ২০১৯ সন্ধ্যায় স্থানীয় টাউন ক্লাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ২০১২ সাল থেকে সনাক, পিরোজপুরের সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 
বিশিষ্ট সমাজকর্মী অ্যাডভোকেট এম এ মান্নান মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, পিরোজপুরের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি জীবদ্দশায় নাটাব ও জেলা উদীচীর সভাপতি, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক, পিরোজপুর ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি, টাউন ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক, রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সম্পাদক ও শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অ্যাডভোকেট এম এ মান্নান এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ টিআইবি পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 

Previous Notice