সনাক, খুলনা’র স্বজন সদস্য নাদিম-উল-আলম এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
Published: 04 March 2019
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য নাদিম-উল-আলম (জন্ম: ২২ অক্টোবর, ১৯৮২) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক, খুলনা এর সাথে ০৫ জানুয়ারি ২০১৬ থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নাদিম-উল-আলম দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার নিয়মিত সাংবাদিক ও বাংলাদেশ বেতার খুলনা’র অনুষ্ঠান সঞ্চালক ছিলেন। এছাড়া তিনি মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস) এর উপদেষ্টা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আজীবন সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে নাদিম-উল-আলম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।