সনাক, সাভার এর সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন খান’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 13 November 2017

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সভাপতি ও সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন খান (জন্ম: ১০ ফেব্রুয়ারি ১৯৩৫ ইং) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১২ নভেম্বর ২০১৭ সকালে তিনি সাভারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক সাভার এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আজীবন সংগ্রামী জয়নাল আবেদীন খান ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা ও ৬৮’র ১১ দফা দাবি আদায়ের আন্দোলন, ৬৯’র গণ আন্দোলন, ৭০’র নির্বাচন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি পূর্বপাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে ১৯৯২ সালে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। জয়নাল আবেদীন খান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা পরিষদে প্রথম নির্বাচিত সনাক প্রতিনিধি ছিলেন। এছাড়া মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সনাক, সাভার ছাড়াও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে জয়নাল আবেদীন খান এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
 

Previous Notice