সনাক, খুলনা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 17 November 2016

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৫০) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১৬ নভেম্বর ২০১৬ তারিখ দিবাগত রাতে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনাক খুলনা’র প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশিষ্ট সমাজকর্মী, লেখক, সাংবাদিক ও পরিবেশ আন্দোলনের নেতা শেখ আব্দুল কাইয়ুম মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, খুলনা’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন, ডিজিটাল বাংলাদেশ খুলনা ফোরামের সভাপতি, উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য, সেক্টর কমান্ডারস্‌ ফোরামের খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক, খুলনা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে শেখ আব্দুল কাইয়ুম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Previous Notice