সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট - এর সদস্য ও সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Published: 14 October 2025

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর সদস্য ও সাবেক সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ - এর সাবেক প্রশাসক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফারুক মাহমুদ চৌধুরী এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০৯ অক্টোবর ২০২৫ স্থানীয় সময় দুপুর ০২:০০টায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ ফুসফুস ও কিডনি রোগে ভুগছিলেন।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর প্রতিষ্ঠালগ্ন ২৪ সেপ্টেম্বর ২০০৫ থেকে ফারুক মাহমুদ চৌধুরী সনাকের সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বরেণ্য সমাজসেবী, নির্মোহ ও সর্বজন শ্রদ্ধেয় ফারুক মাহমুদ চৌধুরী মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক সিলেট - এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) - সিলেট এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা) - সিলেট এর নেটওয়ার্ক মেম্বার, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) - সিলেট এর উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক - সিলেট এর আহবায়ক হিসেবে সম্পৃক্ত ছিলেন।

দুর্নীতিবিরোধী আন্দোলনে ফারুক মাহমুদ চৌধুরী’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়েস, এসিজি, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Previous Notice