প্রকাশকাল: ২৭ আগস্ট ২০২৫
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে টিআইবি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এবং স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে অধিপরামর্শ ও প্রচারণামূলক কায©ক্রম পরিচালনা করছে। মাঠপর্যায়ে টিআইবির অনুপ্রেরণায় গঠিত স্বেচ্ছাসেবাভিত্তিক প্ল্যাটফর্মগুলো যেমন- সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, নির্মাণ ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে কাজ করছে । সেবার মান উন্নয়নে সেবাগ্রহীতাদের সম্পৃক্ত ও ক্ষমতায়নের মাধ্যমে স্বেচ্ছাসেবকগণ স্থানীয় পর্যায়ে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- খাতভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, গণশুনানি আয়োজন, কমিউনিটি মনিটরিং ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়।
টিআইবির অনুপ্রেরণায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত কমিউনিটি পর্যায়ের এই উদ্যোগসমূহ পর্যবেক্ষণের উদ্দেশ্যে ২৫ আগস্ট ২০২৫ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর প্রতিনিধি দল বরিশাল সফর করে। বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান এর নেতৃত্বে সফরকারী দলে আরো ছিলেন এফসিডিও’র গভর্নেন্স অ্যাডভাইজর এমা উইন্ড; সেকেন্ড সেক্রেটারি কেট ওয়াড ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার তাসনিম সিদ্দিক। টিআইবির পক্ষ থেকে সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস ও কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান দলটির সঙ্গে ছিলেন।
একদিনের এই সফরে এফসিডিও প্রতিনিধিদল সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের সঙ্গে একটি সমন্বয় সভায় যোগ দেন। সভায় স্থানীয় স্বেচ্ছাসেবকগণ তাদের সাফল্যের গল্প ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রতিনিধি দলটি বরিশাল সদর হাসপাতালে পরিচালিত ‘‘কমিউনিটি মনিটরিং‘’ কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি সনাকের উদ্যোগ শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নতিতে কী অবদান রাখছে, সে সম্পর্কে সম্যক ধারণা পেতে তারা জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে একটি অধিপরামর্শ সভায় অংশগ্রহণ করেন।