প্রকাশকাল: ২০ আগস্ট ২০২৫
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর একটি প্রতিনিধিদল সম্প্রতি বগুড়া সফর করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কীভাবে জনগণকে সম্পৃক্ততায় সমাজে পরিবর্তনের সূচনা করছে তা পর্যবেক্ষণের উদ্দেশ্যেই এই সফর। এফসিডিও প্রতিনিধিদল দেখেছেন গণতন্ত্র সমুন্নত রাখতে সাধারণ মানুষই অসাধারণ ভূমিকা রাখছে।
বগুড়ার ওয়াইএমসিএ হলে সফরকারী প্রতিনিধিদল স্থানীয় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সঙ্গে মতবিনিময় করেন। বগুড়া সনাক সভাপতি প্রফেসর মো. ওসমান গনি পর্বটি সঞ্চালনা করেন। ইয়েস দলনেতা মারুফ মন্ডল বগুড়া সনাকের অর্জনসমূহ উপস্থাপন করেন।
এরপর এফসিডিও প্রতিনিধিরা চলে যান নিনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে ৫০ জন অভিভাবক তাদের স্কুল সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন, যেমন- স্কুলটিতে অভিযোগ বাক্স নেই, পরিচ্ছন্নতা কর্মী নেই, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি সময়মতো দেওয়া হয় না ইত্যাদি। ইয়েস সদস্য সোহাগ কুমার রায় সভাটি পরিচালনা করেন। এসিজি কোঅর্ডিনেটর অভিলাশ চন্দ্র সরকার প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে স্থানীয় কমিউনিটির মাধ্যমে প্রাপ্ত স্কুলের সমস্যাগুলো সংক্রান্ত তথ্য উপাত্ত হস্তান্তর করেন। তিনি খুব দ্রুত এগুলো সমাধানের আশ্বাস দেন।
এফসিডিওর প্রতিনিধিদলে ছিলেন পলিটিক্যাল অ্যাডভাইজার টিমোথি ডাকেট, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার বিশ্বজিৎ দেব, এবং অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল অফিসার শারমিন জাহান। তারা মাঠপর্যায়ে টিআইবির মডেল সরাসরি দেখেন। তাদের সঙ্গে ছিলেন টিআইবির ফারহানা ফেরদৌস ও আতিকুর রহমান।