প্রকাশকাল: ০৭ এপ্রিল ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত উত্তরা ইউনিভার্সিটি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উপদেষ্টা ড. দুলালী রানী সাহা’র মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০২ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। উত্তরা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. দুলালী রানী সাহা দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে আসছিলেন।
ড. দুলালী রানী সাহা উত্তরা ইউনিভার্সিটি ইয়েস গ্রুপের প্রতিষ্ঠালগ্ন ২০ এপ্রিল ২০০৯ থেকে সম্পৃক্ত হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, দক্ষ সংগঠক এবং দায়িত্বশীল শিক্ষাবিদ। শিক্ষকতা, গবেষণা, প্রাতিষ্ঠানিক গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক নেতৃত্ব, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে তাঁর সক্রিয় সম্পৃক্ততা ও অবদান সবার কাছে তাঁকে শ্রদ্ধেয় ও প্রিয় করে তুলেছিল। ব্যক্তিগত জীবনে অবিবাহিত দুলালী রানী সাহা মৃত্যুকালে বাবা, এক ভাই ও পাঁচ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুলালী রানী সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘শিক্ষায় দুর্যোগ বিষয়ক জ্ঞান ও সচেতনতা’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র রমনা রেজিমেন্টের ৩নং ব্যাটেলিয়ানের আওতাধীন উত্তরা ইউনিভার্সিটির গার্লস্ প্ল্যাটুনের প্রফেসর আন্ডার অফিসার, প্ল্যাটুন কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি দ্য ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, বাংলাদেশ এর উত্তরা ইউনিভার্সিটির অ্যাওয়ার্ড কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুলালী রানী সাহা তাঁর অসাধারণ নেতৃত্বগুণ ও শিক্ষকতায় নৈপুণ্যের জন্য উত্তরা ইউনিভার্সিটির অসাধারণ পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি ০৮ মার্চ ২০২৪ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত উত্তরা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে। একইসাথে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের ফলস্বরূপ তিনি শিক্ষা বিভাগের স্ব-মূল্যায়ন কমিটির প্রধান ছিলেন। ড. দুলালী রানী সাহা উত্তরা ইউনিভার্সিটি ইয়েস গ্রুপের উপদেষ্টার পাশাপাশি পারফরমিং আর্টস ক্লাবের উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ড. দুলালী রানী সাহা’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।