প্রকাশকাল: ১৯ অক্টোবর ২০২০
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট-এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য রামেন্দ্র কুমার বড়ুয়া’র (জন্ম: ০১ নভেম্বর ১৯৫৫ ইং) মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। গত ০১ অক্টোবর ২০২০ বিকাল ৪টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রামেন্দ্র কুমার বড়ুয়া দীর্ঘদিন ডায়াবেটিক, হৃদরোগ, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। তিনি ১০ আগস্ট ২০১৩ থেকে সনাক, সিলেট-এর স্বজন-এ সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট সমাজকর্মী রামেন্দ্র কুমার বড়ুয়া মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, সিলেট-এর পাশাপাশি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাথেও সদস্য হিসেবে যুক্ত ছিলেন। তিনি সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে রামেন্দ্র কুমার বড়ুয়া’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
