প্রকাশকাল: ২৩ জানুয়ারি ২০২৪
স্থানীয় পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে সাতক্ষীরায় একটি অ্যাডভোকেসি সভার আয়োজন করে অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)। সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর তত্ত্বাবধানে ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে সভাটি অনুষ্ঠিত হয় সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে।
সভায় সাতক্ষীরার সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। এসিজি সাতক্ষীরা সদর হাসপাতাল ইউনিটের উদ্যোগে আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য দেন এসিজি কোঅর্ডিনেটর মনিরুল ইসলাম মিলন।
সভায় অংশগ্রহণকারীরা সরাসরি স্বাস্থ্যসেবায় ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিস্কার-পরিচ্ছন্নতা নেই, বহির্বিভাগে শৃঙ্খলাবদ্ধ সারির অভাব রয়েছে, দালালদের প্রভাব বাড়ছে, সেবার বিনিময়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এছাড়াও পর্যাপ্ত ডাক্তার, নার্স ও স্টাফের অভাব, কর্তব্যরত কর্মীদের দায়িত্বহীনতা এবং রোগীদের প্রতি অসৌজন্যমূলক আচরণের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।
অ্যাডভোকেসি সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সনাক সভাপতি হেনরি সরদার, সনাকের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ, সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি ও জেসমিন আক্তার, এসিজি সদস্যবৃন্দসহ সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।