মধুপুরে প্রাথমিক শিক্ষায় সুশাসন নিশ্চিত করতে সনাকের পরামর্শমূলক সভা

প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০২৪

নিরাপদ, মানসম্মত ও সুশাসনভিত্তিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুরে সুশাসন নিশ্চিতকরণে পরামর্শমূলক আলোচনা আয়োজন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) । ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে মধুপুর উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আব্দুল মালেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

প্রাথমিক শিক্ষায় সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, তা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সনাকের শিক্ষা উপকমিটির আহ্বায়ক শ্রীকুমার গুহ নিয়োগী, সদস্য বজলুর রশিদ খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আজিজ। তারা শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা, দুর্নীতি প্রতিরোধ এবং অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সে অনুযায়ী করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে টিআইবি ও সনাকের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।