নির্বাচনী সাংবাদিকতায় আরএফইডি সদস্যদের দক্ষতা বাড়াতে টিআইবির প্রশিক্ষণ

প্রকাশকাল: ২৩ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর সদস্যদের জন্য নির্বাচনসংক্রান্ত সাংবাদিকতার ওপর দুইদিনব্যপী প্রশিক্ষণের আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ।

টিআইবির ধানমন্ডি কার্যালয়ে ১৯-২০ সেপ্টেম্বর আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন নির্বাচন কমিশন বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৪৪ জন সাংবাদিক। উদ্বোধনী অধিবেশনে আরএফইডির সভাপতি কাজী জাবেল এই প্রশিক্ষণ সাংবাদিকদের দায়িত্বশীলভাবে গণতন্ত্রকে সেবা করতে শেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উদ্বোধনী বক্তব্যে বলেন সরকার পরিবর্তন হলেও রাজনীতিতে কর্তৃত্ববাদী ধারা এখনো রয়ে গেছে। তাই সাংবাদিকদের সজাগ থাকতে হবে এবং নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

প্রথম দিনে সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলী ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড: আইন, সংস্কার ও বাস্তবতা’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নির্বাচনী সাংবাদিকতায় নিজের অভিজ্ঞতা বিনিময় করেন । তিনি বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন দেশের অর্থনীতিকে গতিশীল ও মজবুত করবে। তাই রাজনৈতিক চাপ থাকলেও সততার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

দিনের সর্বশেষ সেশনে ফ্রিল্যান্স ডাটা সাংবাদিক মুহাম্মদ ইমরান দেখান কীভাবে ওপেন সোর্স ডেটা ও এআই টুলস ব্যবহার করে তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি সম্ভব।

দ্বিতীয় দিনের শুরুতে টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান টিআইবির ‘ইলেকশন প্রসেস ট্র্যাকিং (ইপিটি)’ সংক্রান্ত একটি অধিবেশন পরিচালনা করেন। কীভাবে নির্বাচনে অনিয়ম শনাক্ত করা যায়, কীভাবে ক্যাম্পেইন থেকে শুরু করে সহিংসতা পর্যন্ত সবকিছু প্রাপ্ত ডেটার নিরীখে পরিমাপ করা যায় এসম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেন তিনি। নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের জন্য এসব তথ্যের উপযোগিতাও তিনি তুলে ধরেন।

প্রশিক্ষণের সর্বশেষ সেশনে টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রশিক্ষণ দেন ওপেন সোর্স ডেটাবেস ব্যবহার করে প্রার্থীদের বিদেশি বিনিয়োগ খোঁজার কৌশল নিয়ে। দেখান কীভাবে উন্মুক্ত তথ্যভাণ্ডার থেকে প্রার্থীর অস্বাভাবিক আয় শনাক্ত করা সম্ভব।

সমাপনীতে আরএফইডির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, এই প্রশিক্ষণের কার্যকারিতার আসল পরীক্ষা হবে নির্বাচনকালীন সংবাদ প্রতিবেদনের মাধ্যমে। ড. ইফতেখারুজ্জামান উপস্থিত গণমাধ্যমকর্মীদের আবারও মনে করিয়ে দেন; দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে গণমাধ্যম টিআইবির সবচেয়ে বড় সহযোগী।

দুই দিনের প্রশিক্ষণ শেষে সাংবাদিকরা নিজদের অভিজ্ঞতা জানাতে গিয়ে হাতে-কলমে ডেটা জার্নালিজম ও এআই–ভিত্তিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সনদপত্র বিতরণের মাধ্যমে দুইদিনব্যপী প্রশিক্ষণ সমাপ্ত হয়।


অন্যান্য ওয়েব স্টোরি