৭ম জাতীয় কমডেকা: দুর্নীতির বিরুদ্ধে টিআইবির যুদ্ধে তরুণরাই অগ্রসেনানী

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৫

হাজার স্কাউট আর স্বেচ্ছাসেবকের কলকাকলিতে মুখরিত সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের বিশাল মাঠ তারুণ্যের উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। ৭ম জাতীয় স্কাউট কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) ২০২৫-এ অংশ নিতে তাদের এই জনসমাগম ছিল চোখে পড়বার মত। এবং তাদের সিংহভাগ জড়ো হয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী দেখতে।

দেশের বৃহত্তম তরুণ সমাবেশে দুর্নীতিবিরোধী প্রচারণাকে যুক্ত করার উদ্দেশ্য নতুন প্রজন্মের অন্তরে নৈতিক নেতৃত্বের বীজ বপন। কারণ এই তরুণ চেঞ্জমেকাররাই একদিন গতানুগতিক চর্চাকে চ্যালেঞ্জ জানাবে। তারা এমন একটা বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে, যেখানে দুর্নীতিকে হারিয়ে দেবে সততা আর জবাবদিহিতার সংস্কৃতি।

বহু বছর ধরেই টিআইবি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের শক্তিকে প্রাধান্য দিয়ে আসছে। টিআইবি মনে করে তারুণ্য শুধু ভবিষ্যতের নেতৃত্ব নয়, আজকের চেঞ্জমেকারও। এই বিশ্বাসেরই জীবন্ত চিত্র কমডেকা ২০২৫।

যে ছবি বলে হাজার কথা

এবারের কমডেকার অন্যতম প্রধান আকর্ষণ ছিল টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী । ২০-২৪ ফেব্রুয়ারি আয়োজিত প্রদর্শনীতে সারাদেশের শিক্ষার্থীদের আঁকা কার্টুনগুলোতে দুর্নীতির কুপ্রভাব স্পষ্ট ফুটে উঠেছিল। প্রদর্শনী দেখতে আসা তরুণ স্কাউটদের মনেও জাগিয়ে তুলেছিল প্রশ্ন।

একজন স্কাউট দর্শনার্থী বলেন, "দুর্নীতি নিয়ে এভাবে তো কখনো ভাবিনি। এখন মনে হচ্ছে – এই অপসংস্কৃতি পরিবর্তনে আমার করণীয় কি হতে পারে?" এই প্রশ্নটা জাগানোই মূলত টিআইবির মূল লক্ষ্যের প্রতিফলন। অর্থাৎ তারুণ্যের পরিসরে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা পথ তৈরি এবং দুর্নীতিবিরোধী লড়াইয়ে উৎসাহ জোগানো।

দুর্নীতির বিরুদ্ধে একযোগে শপথ

কমডেকার অংশ হিসেবে ২২শে ফেব্রুয়ারি হাজার হাজার স্কাউট সদস্য এবংস্বেচ্ছাসেবক দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করে। শপথ পড়ান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

উৎসাহী তরুণ শ্রোতাদের উদ্দেশে ড. ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা দেশ হিসেবে গড়ে তুলতে তরুণদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “দেশের বৃহত্তর সমৃদ্ধি নিশ্চিত করতে হলে তরুণদেরই দুর্নীতিবিরোধী আন্দোলনে অগ্রসেনানী হতে হবে। দুর্নীতি দূর করতে হবে আর সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় অংশগ্রহণকারীদের যে উদ্যম আর আবেগ আমি দেখেছি, তাতে এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে, তরুণদের সক্রিয়তাই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”

অঙ্গীকারের প্রতীক

দুর্নীতিবিরোধী অঙ্গীকারের প্রতীক হিসেবে স্কাউট আর স্বেচ্ছাসেবকদের বিশেষভাবে ডিজাইন করা ওয়াগল বিতরণ করা হয়। “স্টপ করাপশন” বার্তাসম্বলিত ওয়াগলগুলো দ্রুতই জনপ্রিয়তা পায় এবং দুর্নীতিবিরোধী শপথের অঙ্গ হিসেবে স্কাউট সদস্যদের স্কার্ফে জায়গা করে নেয়।

কমডেকা ২০২৫-এ টিআইবি'র উপস্থিতির প্রভাব ছিল অনস্বীকার্য। অংশ নেয়া স্কাউট, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তারা সবাই সংস্থাটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানান। ৬-দিন ব্যপী অনুষ্ঠানে আকর্ষণীয় এবং অর্থপূর্ণভাবে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিষয়টি তুলে ধরার জন্য সকল পক্ষের প্রশংসা কুড়িয়েছে টিআইবি।


অন্যান্য ওয়েব স্টোরি