প্রকাশকাল: ১৪ সেপ্টেম্বর ২০২৪
দুর্নীতিবিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর চূড়ান্ত পর্বের জন্য সব প্রস্তুতি তখন সম্পন্ন। বিচারকরা ছিলেন আসনে, দর্শকরা নিঃশব্দে অপেক্ষায়, মিলনায়তন জুড়ে টান টান উত্তেজনা। শেষ বিতর্কটি দেখার জন্য সবার নজর মঞ্চে। ফাইনালে মুখোমুখি হয়েছে দেশের দুই খ্যাতিমান বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
ঘণ্টার কাঁটা ঘুরতেই শুরু হয় বিতর্ক। প্রস্তাব ছিল, "সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সংসদ সংবিধান সংশোধন নয় বরং সংস্কারের পক্ষে।" প্রায় এক ঘণ্টা ধরে দুই দলের মধ্যকার তীক্ষ্ণ যুক্তি, বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ আর আত্মবিশ্বাসী উপস্থাপনায় জমে ওঠে চূড়ান্ত পর্ব। বিচারকদের রায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রানার আপ হয়।
পুরো প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে স্বীকৃতি পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মইন আল মুয়াব্বিসির। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাগিব আনজুম।
বিতর্কে সরব সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের দুর্নীতি, অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির মতো ইস্যু নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করা, নতুন বাংলাদেশ গড়তে জবাবদিহিমূলক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।
প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩২টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত দলগুলো মোট ৮৭টি বিতর্কে অংশগ্রহণ করে।
মুক্ত মতপ্রকাশ এবং অংশীদারিত্বের প্ল্যাটফর্ম
এই আয়োজন শুধু প্রতিযোগিতা ছিল না, এটি তরুণ বিতার্কিকদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সংকট এবং সংস্কারমুখী নীতির মতো বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে মতামত তুলে ধরতে পেরেছে। প্রথম দিনেই অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী অঙ্গীকার অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন। এই পর্বটি পরিচালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।